ঈশ্বরদীতে বিএনপি হামলা, ৫০টি মটর সাইকেল লুট ও অগ্নিসংযোগ
ঈশ্বরদীতে বিএনপি হামলায় লুট হওয়া জামায়াতের ৯ মোটরসাইকেল উদ্ধার
বাঁশঝাড়ে লুকানো: ঈশ্বরদীতে লুটের ৯টি মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ
পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতাকর্মীদের হামলার সময় লুট হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে ৯টি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে চরগড়গড়ি এলাকায় মক্কেল মৃধার বাড়ির পাশের বাঁশঝাড় ও জঙ্গল থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানা পুলিশ, পাকশী ও রূপপুর ফাঁড়ির সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে। পাকশী ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি ও কৃষকদল নেতা মক্কেল মৃধার বাড়ির পাশেই বাঁশঝাড়ে লুকানো অবস্থায় মোটরসাইকেলগুলো পাওয়া যায়। তিনি জানান, “এখনো বাকি মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।”
গত বৃহস্পতিবার চরগড়গড়িতে প্রচারণায় গেলে বিএনপি নেতা মক্কেল মৃধার নেতৃত্বে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে অর্ধশতাধিক জামায়াত কর্মী আহত হন। জামায়াতের দাবি—হামলার সময় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং প্রায় ৪০টি মোটরসাইকেল লুট করা হয়।
ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক বলেন, “বাকি মোটরসাইকেল গুলো উদ্ধার জরুরি। প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ দরকার।” উদ্ধার হওয়া ৯টি মোটরসাইকেল বর্তমানে ঈশ্বরদী থানায় রাখা হয়েছে এবং বাকি লুট হওয়া যান উদ্ধারে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।
